ময়মনসিংহ প্রতিনিধি: বিখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুনীল কর্মকার ১৯৫৯ সালের ১৫ জানুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বার্নাল গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র সাত বছর বয়সে তিনি গানের সঙ্গে যুক্ত হন এবং ভরাট, আবেগময় কণ্ঠে একাই যে কোনো আসর মাতাতে পারতেন। কণ্ঠের পাশাপাশি বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়ামসহ একাধিক বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন তিনি।
ময়মনসিংহ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম জানান, দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন সুনীল কর্মকার। তার লাশ ময়মনসিংহ নগরের আঠারো বাড়িতে রাখা হয়েছে এবং আজ দুপুরে শ্রদ্ধা নিবেদনের জন্য টাউন হল মাঠে নেওয়া হবে। পরে গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় তাকে সমাহিত করা হবে।
সুনীল কর্মকারের সংগীত যাত্রা শুরু হয় বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনে। তিনি অসংখ্য গানে সুর দিয়েছেন এবং নিজের লেখা প্রায় দুইশ বাউল, মালজোড়া গান, মহাজনী গান ও লোকসংগীতেও সুর ও সংগীত পরিবেশন করেছেন।
শৈশবে টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারালেও গানের প্রতি আগ্রহ কমেনি। তার সংগীত জীবন শুরু হয় বাবার পরিচয়ে বাউল গায়ক ইস্রাইল মিয়ার কাছে শিষ্যত্ব গ্রহণ করে। পরবর্তীতে দোতারা, হারমোনিয়াম, তবলা ও বেহালায়ও প্রশিক্ষণ নেন।
লোকসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শিল্পকলা পদক লাভ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে—প্রসেনজিৎ কর্মকার ও রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকারসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রিপোর্টার্স২৪/এসসি