মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার যশলং ইউনিয়নের দরজারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন: সানিয়াত (৩২), সাকিব (৩০) ও তুর্য (৩০)। তুর্য টঙ্গীবাড়ী উপজেলার মাঝিবাড়ী এলাকার বাদল মাঝির ছেলে। অন্য দুজন তার ঘনিষ্ঠ বন্ধু এবং একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সানিয়াত ও সাকিব ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তুর্যকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি