চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার পৃথক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, গুপ্টি ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খাজুরিয়া বাজার ও রুপসা বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান ও বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে চার দফা হামলার ঘটনা ঘটে। এর আগে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকরা উত্তেজনা সৃষ্টি করে।
রাতের দিকে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান অভিযোগ করেন, তার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং গাড়িতে ভাঙচুর করা হয়। তিনি নিজে আহত হয়েছেন। এছাড়া সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম পাটওয়ারী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জসিম পাটোয়ারী, শ্রমিক দলের সভাপতি আলী হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
এদিকে রুপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবু জানান, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ঘটনার প্রেক্ষিতে রুপসা বাজারে ধানের শীষের কর্মীদের উপর চিংড়ি প্রতিকের সমর্থকরা হামলা চালায়। এ সময় আহত হন ফারুক (৩৫), অহিদুল্লাহ (৪০) ও শাহাদাত হোসেন (২০)। তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ইউএনও জানিয়েছেন, কোন পক্ষ থেকে অভিযোগ এলে মামলা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি