নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা কারাগারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে পোস্টাল ব্যালটে ৩৫ বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে আবেদন করেছেন ৪৪ জন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টায় জেল সুপার ও প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক নিশ্চিত করেছেন।
প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক বলেন, সকল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এখানে মোট ৪৪ জন বন্দি ভোট দেওয়ার জন্য নাম অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু দুজন বন্দি মামলার কারণে অন্যত্র অবস্থান করায় বাকি ৩৫ জন বন্দি ভোট দিয়েছেন। সাতজনের ব্যালট এখনো আসেনি।
জেল সুপার আরও বলেন, ভোট দেওয়ার জন্য কারাগারের ভেতরে দুটি গোপন বুথ স্থাপনসহ আনুষাঙ্গিক সব কার্যক্রম করা হয়েছে। বন্দিরা গোপন কক্ষে গিয়ে নিজেদের ইচ্ছামতো ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাকি ব্যালট এলে বাকি সাতজনও ভোট দিতে পারবেন। এসব ব্যালট যথাযথ নিয়মে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে পাঠানো হবে।
নোয়াখালী জেলা কারাগারে জানুয়ারীতে বন্দি ছিলেন ৯৪১ জন। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন মাত্র ৪৪ জন।
রিপোর্টার্স২৪/এসএন