নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ওমর ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত ভোররাতে উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটক ওমর ফারুক বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার বাসিন্দা। তিনি এন্তাজ মিয়ার বাড়ির ফিরোজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শী মাইন উদ্দিন জানান, বুধবার গভীর রাতে কবিরাজ বাড়ি এলাকায় সুমন নামের এক ব্যক্তির বসতঘরে ডাকাতির চেষ্টা চালায় ওমর ফারুক ও তার সহযোগীরা। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। এ সময় তার তিনজন সহযোগী পালিয়ে যায়। কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল বলেন, “ওমর ফারুক কখনোই যুবদলের সঙ্গে জড়িত ছিল না। তাকে আমরা চিনি না। কেউ যদি দলের নাম ব্যবহার করে অপকর্ম করে, তার দায়ভার দল নেবে না।”
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, “ডাকাতির চেষ্টার সময় স্থানীয়রা একজনকে আটক করে। তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রিপোর্টার্স২৪/সাইফ