দাগনভূঞা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে বলে মন্তব্য করেছেন ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে ইরাক, লিবিয়া, সুদান ও আফগানিস্তানের মতো ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। দেশকে রক্ষা করতে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের প্রতি তিনি আহ্বান জানান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভূঞা পৌর এলাকার দুলামিয়া কটন মিলে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন বি.কম-এর সভাপতিত্বে বিএনপির এই নেতা বলেন, তার নির্বাচনী এলাকায় ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষ প্রতীকের বিজয় হবে—ইনশাআল্লাহ।
মুক্তিযোদ্ধাদের আবারও দেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সাবেক এফবিসিসিআই সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
সাম্প্রতিক সময়ে সারাদেশে জামায়াতের অপপ্রচার সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে তারা বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আগামী নির্বাচনের পর তাদের কোথাও মেম্বার পদে নির্বাচিত হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এলাকার উন্নয়ন কার্যক্রমে মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সমাজ ও হিন্দু সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, জামায়াত নির্বাচন বানচাল করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, আজ সারাদেশে জনতা জেগে উঠেছে। ২০২৪ সালের ৫ আগস্টের মতোই ১২ ফেব্রুয়ারি এ দেশের মানুষ জামায়াতকে পরাজিত করবে।
ওইদিন তিনি দাগনভূঞার বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেলে দাগনভূঞা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী শোডাউনে অংশ নেন বিএনপির এই শীর্ষ নেতা।
রিপোর্টার্স২৪/এসএন