বিদ্যালয় সূত্রে জানা যায়, বোরকা পরিহিত এক ব্যক্তিকে বিদ্যালয়ের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে শিক্ষার্থীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। তার চলাফেরা ও গতিবিধি অস্বাভাবিক মনে হলে শিক্ষার্থীরা তাকে আটক করে শিক্ষকদের খবর দেয়। পরে শিক্ষকরা এসে বোরকা খুলে দেখেন, তিনি একজন তরুণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হওয়া ওই তরুণ গত বছর এই বিদ্যালয়েই অষ্টম শ্রেণিতে অধ্যয়ন করত। পরবর্তীতে সে বিদ্যালয় পরিবর্তন করে একটি জুনিয়র উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। কেন সে বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ করেছে—এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় উৎসুক জনতা ওই তরুণকে বোরকা পরানো অবস্থায় স্থানীয় বাজারে ঘুরিয়েছে বলেও জানা গেছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ঘটনাটি জানার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রিপোর্টার্স২৪/এসএন