নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৭ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। একই সঙ্গে তারা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
মঙ্গলবার বিকেলে তমরদ্দি ইউনিয়নে আয়োজিত ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে তারা বিএনপিতে যোগদান করেন।
বিএনপিতে যোগদানকারী নেতৃবৃন্দ হলেন— তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এনসিপির সদস্য সচিব হেলাল, যুগ্ম আহ্বায়ক মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও ফারুক উদ্দিন।
জানা গেছে, তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক করেন বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীম। এ সময় যোগদানকারী এনসিপি নেতারা তার কাছে এসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। পরে তিনি তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
উঠান বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদানকারী নেতৃবৃন্দ জানান, তারা ধানের শীষের প্রার্থীর সঙ্গে থেকে হাতিয়ার নদীভাঙন রোধ, ভূমিহীনদের পুনর্বাসন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং হাতিয়াকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
রিপোর্টার্স২৪/এসএন