ঝিনাইদহ প্রতিনিধি: নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতের ইসলাম তেমন ইসলাম নয় বলে মন্তব্য করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রাম থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে শৈলকুপা মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নির্বাচনী পথসভা শেষে তিনি এই মন্তব্য করেন।
নির্বাচনে জয়ী হলে তার এলাকায় সুশাসন নিশ্চিত করার আশ্বাস দেন আসাদুজ্জামান। এর আগে তিনি শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রাম, হাট ও বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। প্রচারণাকালে তিনি এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেন।
সে সময় ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান মিঠুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন