| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১০:১৭:১৮:পূর্বাহ্ন  |  ৮০৭৩১৭ বার পঠিত
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আটক ব্যক্তি হলেন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরোয়ার আলম।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের পূর্ব পাশের একটি সরকারি কোয়ার্টার থেকে ছরোয়ার আলমকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় তার ব্যবহৃত একটি মুঠোফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে, যেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

ডিএমপির ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সূত্রপাত গত শনিবার বিকেলে। সেদিন জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর ও নারীবিদ্বেষী মন্তব্য করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিএনপিপন্থী অ্যাকটিভিস্ট ও বিভিন্ন ইনফ্লুয়েন্সার অভিযোগ করেন, ওই মন্তব্যের মাধ্যমে কর্মজীবী নারীদের চরমভাবে অবমাননা করা হয়েছে।

সমালোচনার মুখে শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, এটি একটি সাইবার হামলার ঘটনা। বিবৃতিতে দাবি করা হয়, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তার নামে ভুয়া ও অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রচার করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়, দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও সাইবার হামলার আলামত পাওয়া গেছে।

রোববার সকালে এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামি। সেখানে দলের আইটি সেলের সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম ও প্রকৌশলী মাহমুদুর রহমান একটি উপস্থাপনার মাধ্যমে হ্যাকিংয়ের কৌশল তুলে ধরেন। তারা দাবি করেন, সরকারি ডোমেইনের একটি ই-মেইল ব্যবহার করে ফিশিংয়ের মাধ্যমে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়েছে।

প্রকৌশলী মাহমুদুর রহমান জানান, [email protected] ঠিকানা থেকে জামায়াতের অফিসিয়াল ই-মেইলে একটি ফাইল পাঠানো হয়, যেখানে নির্বাচনসংক্রান্ত তথ্য রয়েছে বলে উল্লেখ ছিল। ওই ফাইলটি খুললেই অ্যাকাউন্টের নিরাপত্তা ভেঙে পড়ে। তাদের দাবি অনুযায়ী, ওই ই-মেইল পাঠানোর সঙ্গে মোহাম্মদ ছরোয়ার আলমের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনার পর ডিবি তদন্তে নামে এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে ছরোয়ার আলমকে আটক করে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, জব্দ করা ডিভাইসগুলো বিশ্লেষণ করলে হ্যাকিংয়ের পেছনে আরও কেউ জড়িত কি না, তা স্পষ্ট হবে।

এদিকে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। একদিকে জামায়াত এ ঘটনাকে পরিকল্পিত সাইবার আক্রমণ বলে দাবি করছে, অন্যদিকে বিএনপিসহ বিভিন্ন মহল প্রশ্ন তুলেছে—নারীবিদ্বেষী পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর হ্যাকের দাবি কতটা বিশ্বাসযোগ্য। ডিবির তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছে সবাই।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪