ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া আব্দুল শরীফ একাডেমীর প্রধান শিক্ষক এনামুল কবিরকে ছয় ঘণ্টা পর উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত বিদ্যালয়ে অবরুদ্ধ রেখে তাকে শারীরিক লাঞ্ছিত করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের একটি টিম বিদ্যালয়ে পৌঁছে প্রধান শিক্ষককে নিরাপদ স্থানে নিয়ে যায়। থানার উপপরিদর্শক রাম প্রসাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে শান্তি বিরাজ করছে।
উল্লেখ্য, ঘটনার পেছনে দায়ী হয়েছে পূর্বের রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ। ৩১ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার সময় হামিরদী ইউনিয়নের মৌজা গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামগুলোর কিছু মানুষকে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ হয়, এতে আহত হন বেশ কয়েকজন এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের শিকার হয়। এ ঘটনায় সাধারণ জনগণ প্রধান শিক্ষকসহ আরও দুই শিক্ষকের ওপর ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার তাকে অবরুদ্ধ করে রাখে।
প্রধান শিক্ষক এনামুল কবির অভিযোগ করেন, একটি মহল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে চক্রান্ত চালাচ্ছে, আমাকে কর্মস্থলে আটকে রেখে লাঞ্ছিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় পুলিশকে অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি