জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) এস এম তোজাম্মেল হোসেন নিহত হয়েছেন।
দুর্ঘটনা ঘটে মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে মাদারগঞ্জ-ভাটারা প্রধান সড়কের পলিশা মোড় এলাকায়। নিহত তোজাম্মেল হোসেন চরপাকেরদহ ইউনিয়নের ফকরিপাড়া এলাকার মৃত অসি ফকিরের ছেলে এবং তিনি ৭নং সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, তোজাম্মেল হোসেন মোটরসাইকেলযোগে সিধুলী ইউনিয়ন পরিষদ থেকে বালিজুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পলিশা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের সহকর্মী রেজওয়ান পারভেজ সেমি জানান, সারাদিন ইউনিয়ন পরিষদের কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং নিহতের পরিবারের কোনো সিদ্ধান্ত এখনও জানা যায়নি। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি