| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশ সঠিক থাকলে চব্বিশে আমাদের সন্তানদের জীবন দিতে হতো না: অতিরিক্ত আইজিপি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৫:৫৬:৪১:অপরাহ্ন  |  ৭৮৮৩৮৪ বার পঠিত
পুলিশ সঠিক থাকলে চব্বিশে আমাদের সন্তানদের জীবন দিতে হতো না: অতিরিক্ত আইজিপি

নোয়াখালী প্রতিনিধি: অতীতে পুলিশ সদস্যরা রাষ্ট্রের নিয়ম মেনে সঠিক দায়িত্ব পালন করলে চব্বিশে আমাদের সন্তানদের জীবন দিতে হতো না। যদি আমরা ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে সত্যিকার অর্থে দেশের সার্বভৌমত্ব, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন বাস্তবায়নের লক্ষ্যে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে পারি, তাহলে দেশের প্রায় ১৮ কোটি মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হবে। আমরা যেন জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৩ টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অতিরিক্ত আইজি মো. আলী হোসেন ফকির।

আইজি মো. আলী হোসেন ফকির বলেন, থানায় আমাদের আপ্যায়নের জন্য যে অর্থ বরাদ্দ থাকে, অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে ব্যবহার না করে আমরা নানা অজুহাত দেখাই। আমরা বলি, “এটা পুলিশের কাজ নয়, ওটা পুলিশের কাজ নয়।” এর ফলে জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, তারা আমাদের এখন বিশ্বাস করতে চায় না।

তিনি আরও বলেন, অতীতে পুলিশের প্রতি জনগণের যে ক্ষোভ ও অবিশ্বাস তৈরি হয়েছে, তা দূর করতে হবে। কারণ পুলিশ ছাড়া কোনো সমাজব্যবস্থাই কার্যকরভাবে চলতে পারে না। পুলিশকে আগামীর রাষ্ট্র গঠনে আইন মানার দায়িত্ব নিতে হবে।

আইজি আরও বলেন, আমি অভিভাবক ও অতিথিবৃন্দের প্রতি অনুরোধ জানাতে চাই, আইন মান্যকারী জনগণ ছাড়া কোনো দেশ বা সমাজ ব্যবস্থা টিকে থাকতে পারে না। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, মতবিরোধও থাকতে পারে। কিন্তু সেই মতভেদ যেন কখনো দেশের স্বার্থ, অর্থনীতি বা সার্বিক কল্যাণের বিরুদ্ধে না যায়। এ বিষয়ে আমাদের সন্তানদের ও নাগরিকদের সচেতন হতে হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন করতে না পারি, তবে হিংসা বা ঈর্ষান্বিত হয়ে অন্য কেউ আমার তদন্ত ক্ষমতা অপব্যবহার করতে চাইতে পারে। তাই সবাইকে সচেতন থেকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, যাতে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল থাকে।

অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, আমরা যেন জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি। আর যেন কোনো সন্তানকে জীবন দিতে না হয়। আমরা যেন রাজনৈতিক সহিংসতা থেকে বেরিয়ে আসতে পারি এবং একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। সবাইকে সেই চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মো. হায়দার আলী খান এর সভাপতিত্বে উপ-কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ আনিসুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, নোয়াখালী জেলা পুলিশের সুপার টিএম মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪