স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত ইছুব মোল্যার সঙ্গে তার চাচাতো ভাই আতা মোল্যার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার সকাল ৯টার দিকে বিরোধপূর্ণ একটি জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ইছুব মোল্যা, ফিরোজ ও আশরাফুল আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ইছুব মোল্যাকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/এসএন