সিনিয়র রিপোর্টার: রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
ভুক্তভোগী শিশুর শরীরে পোড়া ক্ষত, সেলাই ও গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে শিশুটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
শিশুর পিতা মোস্তফা জানান, প্রায় আট মাস আগে তিনি তার মেয়েকে গৃহকর্মী হিসেবে ওই দম্পতির বাসায় দিয়েছিলেন। শুরুতে সবকিছু ঠিক থাকলেও গত শনিবার (৩১ জানুয়ারি) শিশুটি ভীষণ আহত অবস্থায় পরিবারের হাতে আসে। মোস্তফা বলেন, শিশুর পুরো শরীরে আগুনের ছ্যাঁকার চিহ্ন, হাতে গভীর কাটা ও মুখে গুরুতর আঘাত ছিল। সে এখন স্বাভাবিকভাবে খাবারও খেতে পারছে না।
মামলার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে শফিকুর রহমান, তার স্ত্রী ও আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করে। উত্তরা পশ্চিম থানার ওসি কাজী রফিক উদ্দীন জানিয়েছেন, গ্রেপ্তার হওয়াদের আজ আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। শিশুর বাবা মোস্তফা বলেন, আমি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই। যেন আর কোনও শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।
রিপোর্টার্স২৪/এসসি