নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গানসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে কালিয়া উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কামাল হোসেন (৫২) নামে একজনকে আটক করে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।
আটক মো. কামাল হোসেন কালিয়া উপজেলার জয়পুর গ্রামের মৃত মহাসীন মোল্যার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কালিয়া আর্মি ক্যাম্পের একটি দল রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার জয়পুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মো. কামাল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি রামদা, তিনটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, সেনাবাহিনী অস্ত্রসহ একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হবে।
রিপোর্টার্স২৪/এসএন