| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে ৯৫ ককটেল ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১৪:০২:১১:অপরাহ্ন  |  ৭৮৮৩৯১ বার পঠিত
নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে ৯৫ ককটেল ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পুড়াগাছা বেপারী কান্দি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২টি বালতি থেকে মোট ৯৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর অনন্যা চন্দ্র শেখড়-এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল রাত ১টা ৫৫ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই শ্বাসরুদ্ধকর অভিযান চালায়। প্রথমে মোক্তারেরচর ইউনিয়নের পুড়াগাছা বেপারী কান্দি গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন বাচ্চু পিয়াদার বাড়িতে তল্লাশি চালিয়ে ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত বাচ্চু পিয়াদার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি মসজিদ থেকে আরও ৪ বালতি এবং তার পাশের আরেকটি ঘর থেকে আরও ৪ বালতি ককটেল উদ্ধার করা হয়।

অভিযানে মোট ১২টি বালতিতে রাখা ৯৫টি তাজা ককটেল, ৮টি ঢাল (টেটা) এবং ৩টি রামদা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বড় কোনো নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করা হয়েছিল।

গ্রেপ্তারকৃতরা সবাই পুড়াগাছা বেপারী কান্দি গ্রামের বাসিন্দা। তারা হলেন ১. মো. নাসির উদ্দিন বাচ্চু পিয়াদা (৫৫), পিতা- মৃত গনি পিয়াদা। ২. মো. মেহেদী হাসান পিয়াদা (৩০), পিতা- খলিল পিয়াদা। ৩. রনি (২৫), পিতা- খলিল পিয়াদা।

অভিযান শেষে উদ্ধারকৃত ককটেল, দেশীয় অস্ত্র এবং গ্রেপ্তারকৃত তিন আসামিকে নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বড় কোনো নাশকতার উদ্দেশ্যেই এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করা হয়েছিল। সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪