আন্তর্জাতিক ডেস্ক: ৯০ বছর বয়সে গ্র্যামি পুরস্কার অর্জন করেছেন বৌদ্ধধর্মগুরু দলাই লামা। তাঁর অ্যালবাম ‘Meditations: The Reflections of His Holiness the Dalai Lama’–এর জন্য ২০২৬ সালের গ্র্যামি পুরস্কার লাভ করেন তিনি।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৮তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডসে অ্যালবামটি সেরা অডিওবুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে বিজয়ী হয়।
এই বিভাগে মনোনীত অন্যান্য অ্যালবামের মধ্যে ছিল ক্যাথি গার্ভারের ‘Elvis, Rocky and Me: The Carol Connors Story’, ট্রেভর নোয়ার ‘Into the Uncut Grass’, কেতানজি ব্রাউন জ্যাকসনের ‘Lovely One: A Memoir’ এবং ফ্যাব মরভানের ‘You Know It’s True: The Real Story of Milli Vanilli’। প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শেষ পর্যন্ত পুরস্কারটি যায় দলাই লামার ঝুলিতে।
প্রি-টেলিকাস্ট রাউন্ডে পুরস্কারটি ঘোষণা করা হয়। এ সময় বৌদ্ধধর্মগুরু নিজে উপস্থিত থাকতে না পারলেও তাঁর পক্ষে গ্র্যামি গ্রহণ করেন গায়ক ও গীতিকার রুফাস ওয়েনরাইট।
গ্র্যামি জয়ের প্রতিক্রিয়ায় দলাই লামা বলেন, আমি কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে এই স্বীকৃতি গ্রহণ করছি। এটিকে আমি ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং আমাদের যৌথ সার্বজনীন দায়িত্বের স্বীকৃতি হিসেবে দেখি। শান্তি, করুণা ও মানবতার ঐক্য মানুষের সামগ্রিক কল্যাণের জন্য অপরিহার্য আমি আন্তরিকভাবে তা বিশ্বাস করি। গ্র্যামি স্বীকৃতি এসব বার্তা আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে আমি কৃতজ্ঞ।
রিপোর্টার্স২৪/এসসি