আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে টানা দুই দিনের সংঘর্ষে ১৪৫ জন বেলুচ সশস্ত্র যোদ্ধা হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সমন্বিত বন্দুক ও বোমা হামলায় ১৭ জন নিরাপত্তা সদস্য ও ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি।
রোববার (১ ফেব্রুয়ারি) কুয়েটায় তিনি বলেন, প্রায় ৪০ ঘণ্টাব্যাপী অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও সন্ত্রাস দমন ইউনিট একযোগে ‘জঙ্গি’দের বিরুদ্ধে পাল্টা অভিযান চালায়। পাকিস্তান সেনাবাহিনীর তথ্যমতে, শুক্রবার ৪১ জন এবং শনিবার ৯২ জন উগ্রপন্থী যোদ্ধা নিহত হয়। এত অল্প সময়ে এতো বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হওয়ার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে বিরল বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী তালাল চৌধুরী জানান, হামলাকারীরা সাধারণ নাগরিকের ছদ্মবেশে হাসপাতাল, স্কুল, ব্যাংক ও বাজারে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এ সময় তারা বেসামরিক মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করে বলেও অভিযোগ করেন তিনি।
নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি ‘হেরফ’ বা ‘ব্ল্যাক স্টর্ম’ নামে সমন্বিত এই অভিযানে প্রদেশজুড়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আঘাত হানার দাবি করেছে।
প্রাদেশিক রাজধানী কুয়েটায় হামলার পর পুলিশের একটি থানায় পোড়া গাড়ি, গুলিবিদ্ধ দরজা এবং হলুদ টেপ দিয়ে ঘেরা রাস্তায় কড়া নিরাপত্তা নজরদারি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরজুড়ে টহল জোরদার ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
সরকারি কর্মকর্তারা জানান, কুয়েটা ছাড়াও গোয়াদর, মাসতুং ও নোশকি জেলায় প্রায় একই সময়ে হামলা চালানো হয়। জঙ্গিরা ফ্রন্টিয়ার কোরের সদর দপ্তরসহ বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় গুলি চালায়, আত্মঘাতী হামলার চেষ্টা করে এবং কিছু এলাকায় সাময়িকভাবে সড়ক অবরোধ করে।
বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু দরিদ্রতম প্রদেশ। দীর্ঘদিন ধরে এখানে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের নেতৃত্বে বিদ্রোহ চলছে, যারা প্রদেশটির প্রাকৃতিক সম্পদের ওপর বেশি অধিকার ও স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, সাম্প্রতিক হামলার মধ্যে দুটিতে নারী জঙ্গিরাও জড়িত ছিল এবং সাম্প্রতিক সময়ে জঙ্গিরা শ্রমিক ও নিম্নআয়ের মানুষসহ বেসামরিকদের লক্ষ্যবস্তু করছে।
পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, কোনো শহর বা কৌশলগত স্থাপনা দখলের জঙ্গি প্রচেষ্টা সফল হতে দেওয়া হয়নি।
হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়েছে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকার একে সন্ত্রাসী সহিংসতা আখ্যা দিয়ে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র বেলুচ লিবারেশন আর্মিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।-রয়টার্স
রিপোর্টার্স২৪/এসসি