বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের বেতমোর নদী থেকে ট্রলার ও হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারীকে আটক করেছে বন বিভাগ। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিয়মিত টহল চলাকালে বনরক্ষীরা তাদের আটক করে।
আটক শিকারীরা হলেন বরগুনা জেলার তালতলী উপজেলার সকিনা গ্রামের আ. মালেক আকন (৬০) ও আ. কালাম হাওলাদার (৫৫)। এ সময় তাদের ব্যবহৃত ট্রলার তল্লাশি করে প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্যের হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা বেতমোর নদীতে টহল দিচ্ছিলেন। এ সময় একটি সন্দেহজনক ট্রলার আটক করা হয়। ট্রলারের পাটাতন রক্তমাখা অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও বলেন, শিকারীরা সুন্দরবনে হরিণ শিকার শেষে ফিরে আসার সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে হরিণের মাংস নদীতে ফেলে দেয়।
এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করে আটক দুই শিকারীকে রোববার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন