বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা বাদুখালি মাঠে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সাইদুর রহমান। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জামায়াত নেতা শেখ কামরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা রমিজ উদ্দিন, খেলাফত মজলিস নেতা আমির উল আলম সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, জামায়াত নেতা অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, মাওলানা মিজানুর রহমান মল্লিক, মাওলানা সাহিদুল আলম, মাওলানা লিয়াকাত হোসেন, শ্রমিক নেতা অধ্যাপক শহিদুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে আমি জনপ্রতিনিধি নয়, জনগণের একজন সেবক হিসেবে কাজ করবো। বাগেরহাটের সব প্রবাহমান খাল দখলমুক্ত করে সেগুলো জনগণের জন্য উন্মুক্ত করা হবে।
তিনি আরও বলেন, বাগেরহাটের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবে।
রিপোর্টার্স২৪/এসসি