রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটাটির অবৈধ ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় অবস্থিত বিএসবি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(৩) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(২) ধারা অনুযায়ী বিএসবি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক বলেন, "পরিবেশ রক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।"
রিপোর্টার্স২৪/এসএন