নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে চাঞ্চল্যকর মা-মেয়ে গণধর্ষণ মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল খায়ের মুন্সি ওরফে 'মুন্সিয়া চোরা'কে বিএনপির নির্বাচনী প্রচারণায় দেখা গেছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে তার উপস্থিতির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
জানা যায়, শনিবার বিকেলে আল-আমিন বাজারে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে প্রচারণার বিষয়ে আলোচনা করছিলেন চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মুন্সি। এসময় নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী গোপনে তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
আওয়ামী লীগের এই বিতর্কিত নেতার বিএনপিতে খোদ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেতাকর্মী দাবি করছেন, "ঊর্ধ্বতন নেতারা হয়তো কোনো অনৈতিক সুবিধার বিনিময়ে তাকে দলে জায়গা দিচ্ছেন, যা দলকে জনবিচ্ছিন্ন ও বিতর্কিত করবে।"
চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের মুন্সি ওরফে মুন্সি মেম্বার মুঠোফোনে বলেন, "আমি অনেক আগে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দিয়েছি। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি, আমার ওয়ার্ডে বিএনপির অফিস নিয়েছি।"
চরওয়াপদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উদ্দিন সেলিম এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, "কে বা কারা আবুল খায়ের মুন্সিকে বিএনপির নির্বাচনী প্রচারণায় এনেছে আমি জানি না। তবে তার মতো চিহ্নিত অপরাধী ও আওয়ামী লীগ নেতা যদি বিএনপির হয়ে প্রচারণা চালায়, তবে সাধারণ ভোটাররা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।"
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিঁধ কেটে মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার আবুল খায়ের মুন্সি প্রধান আসামি হিসেবে দীর্ঘ সময় কারাবরণ করেছিলেন এবং এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন