ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে প্রায় ৭০০ বছর ধরে কায়ীড়া কালীবাড়ি মন্দিরের পাশে কুমার নদে প্রতি বছরের মতো এবারও মাঘী পূর্ণিমায় ঐতিহ্যবাহী গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে অবস্থিত কয়ড়া কালী মন্দির ঘেঁষে কুমার নদে পূণ্যস্নান অনুষ্ঠিত হয়।
জানা যায়, মাঘ মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর হাজার হাজার দেশি-বিদেশি পূণ্যার্থী এ গঙ্গা স্নানে অংশ নেন।
এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার দূর-দূরান্ত থেকে মাতুয়া সম্প্রদায়ের নারী-পুরুষরা ঢাকঢোল বাজিয়ে উপস্থিত থাকেন। কেউ এসে পূজার আনুষ্ঠানিকতা সেরে স্নান করছেন। কেউবা স্নান করে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। বেল পাতা, বিভিন্ন রকমের ফলফলাদি অর্ঘ হিসেবে নদীর ধারে রাখা হয় এবং পুরোহিতরা সারিবদ্ধ হয়ে বসেন। পূণ্যার্থীরা দুহাত তুলে পুরোহিতের সামনে বসে প্রার্থনা শেষে নদীর জলে স্নান করেন।
এদিকে, গঙ্গা স্নান উৎসবকে কেন্দ্র করে কয়ড়া কালী বাড়ি কুমার নদের তীরে গ্রামীণ মেলা বসেছে। মেলায় বিভিন্ন ধরনের মিষ্টি, খেলনা, দা-বটি, হস্তশিল্পজাত দ্রব্যাদি পাওয়া যায়। এছাড়াও মেলায় চটপটি, ফুচকা সহ বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।
ফরিদপুর জেলা শহর থেকে গঙ্গা স্নান করতে আসা বিকাশ সাহা বলেন, “গঙ্গা স্নান করলে সব পাপ মোচন হয়, তাই স্নান করতে এসেছি। গঙ্গা স্নান উপলক্ষে আশপাশের কয়েকটি জেলার মানুষ এখানে আসেন। গঙ্গা দেবীর কাছে তারা প্রার্থনা করেন।”
কয়ড়া কালী মন্দিরের সভাপতি সুভাষ সাহা বলেন, “প্রায় ৭ শত বছর ধরে কয়ড়া কালিমন্দির সংলগ্ন কুমার নদে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। জেলা-উপজেলা ও দেশের বাইরে থেকে এখানে ভক্তরা আসেন। স্নান শেষে সবাইকে প্রসাদ দেওয়া হয়। এছাড়া সপ্তাহব্যাপী গ্রামীণ মেলা চলে।”
রিপোর্টার্স২৪/এসএন