নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জাহাজমারা বাজারের আমজাদ মিয়ার তেলের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি ও মুদি দোকানসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান বলেন, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, কেউ ইচ্ছাকৃতভাবে বিস্ফোরণ ঘটিয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন