| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়িয়ায় পরিত্যক্ত ঘর থেকে ১৬টি ককটেল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১৭:৩০:২৮:অপরাহ্ন  |  ৭৯৭৮৪৩ বার পঠিত
নড়িয়ায় পরিত্যক্ত ঘর থেকে ১৬টি ককটেল উদ্ধার
ছবির ক্যাপশন: শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে একটি বসতবাড়ির পরিত্যক্ত ঘর থেকে ১৬টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী।

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে একটি বসতবাড়ির পরিত্যক্ত ঘর থেকে ১৬টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গৌড়াইল গ্রামে এই উদ্ধার অভিযান চালানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জপসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইউনুছ হাওলাদারের বাড়িতে এই ককটেলগুলো পাওয়া যায়। ইউনুছ হাওলাদারের পুত্রবধূ নাজমা আক্তার (২২) সন্তান জন্মদান উপলক্ষে গত চার মাস যাবত তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল শনিবার তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন।

আজ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নাজমা আক্তার বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় উত্তর পাশে একটি পরিত্যক্ত মুরগি রাখার ঘর পরিষ্কার করতে যান। সেখানে রাখা একটি বালতি সরাতে গেলে ভেতর থেকে একটি ককটেল নিচে পড়ে যায়। বিষয়টি তিনি তাৎক্ষণিক তার শ্বশুরকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল এবং নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেনাবাহিনীর ৫ইবি-এর ক্যাপ্টেন মাহফিদ আনামের নেতৃত্বে যৌথবাহিনী ওই পরিত্যক্ত ঘর থেকে মোট ১৬টি তাজা ককটেল উদ্ধার করে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ও সেনাবাহিনীর দল ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। কে বা কারা, কী উদ্দেশ্যে জনবসতিপূর্ণ এলাকায় এই বিপুল পরিমাণ ককটেল মজুত করেছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধারকরা ককটেলগুলো বর্তমানে পুলিশি হেফাজতে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং সেগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪