চাঁদপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো নারী প্রার্থী দেয়নি। তবে এরপরেও নির্বাচনে কীভাবে নারীরা প্রতিনিধিত্ব করছে, এসব বিষয়ে জেলা পর্যায়ে নারীদের সঙ্গে কথা বলে মতামত ও ব্যাখ্যা নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সদস্যরা।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর জেলা জামায়াত কার্যালয়ে এক বৈঠকে নারী দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক লার্স প্লাজম্যান ও মাজা হুরালিমান।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দীর্ঘ সময় তারা মহিলা জামায়াতের বিভিন্ন বিভাগের নারীদের সঙ্গে খোলামেলা কথা বলেন।
মহিলা জামায়াতের কুমিল্লা অঞ্চলের সহকারী সেক্রেটারি ফেরদৌসী সুলতানা, চাঁদপুর জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফারজানা আক্তার ও আয়েশা সিদ্দিকা, পৌর মহিলা জামায়াতের সেক্রেটারি মানসুরা আক্তার, পেশাজীবী মহিলা বিভাগ নেতা নাসরিন সুলতানা এ সময় উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফারজানা আক্তার বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল জানতে চেয়েছে নির্বাচনে নারীদের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করছি কি না, সামনেও করব কি না। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী দেখতে পাচ্ছেন না তারা। এক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কোথায়। আমরা বলেছি, বিগত সরকারের সময়ে মহিলা জামায়াতের পক্ষ থেকে পরিচয় দিয়ে সমাজে কথা বলার মতো পরিবেশ ছিল না। ৫ আগস্টের পর আমরা মাত্র অল্প সময় পেয়েছি। এই সময়ের মধ্যে আমাদের মহিলা জামায়াতের নারীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময়ও পাননি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মহিলা জামায়াতের অংশগ্রহণ রাখে এবং মতামতকে অনেক গুরুত্ব দেয়। যোগ্যতার বিচারে নারীরা কোনো অংশে পিছিয়ে থাকবে না। এবার জাতীয় সংসদ নির্বাচনে নারীদের যথেষ্ট অংশগ্রহণ ও সফলতা রয়েছে, তাতে আমরা নিজেদের প্রস্তুত করে নিতে পারব। আগামীতে মহিলা জামায়াতের নির্বাচনসহ সব ক্ষেত্রে অংশগ্রহণ থাকবে।
ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক সদস্যরা জানান, তারা জামায়াতের নারী বিভাগ, শিক্ষার্থী ও জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের সঙ্গে পৃথক বৈঠকে কথা বলছেন। এটি তাদের কাজের অংশ।
রিপোর্টার্স২৪/এসএন