| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১৪:৫০:১৭:অপরাহ্ন  |  ৮৪১৮৮৯ বার পঠিত
ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শনিবার শুরু হয়েছে।

সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এ কর্মশালায় ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ। এছাড়া প্রশিক্ষণ দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবি)-এর প্রশিক্ষক খাজা মাঈন উদ্দিন এবং ট্রেনিং কর্ডিনেটর সাহানোয়ার সাইদ শাহীন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে।

কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকদের করণীয় হিসেবে নির্বাচনী আচরণবিধি মেনে রিপোর্টিং, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য পরিহার, উস্কানিমূলক বা পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ থেকে বিরত থাকা, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ, রাজনৈতিক দল ও প্রার্থীদের সমান গুরুত্ব প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দায়িত্বশীল প্রতিবেদন করার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

এছাড়াও নির্বাচন রিপোর্টিংয়ের ধরন ও প্রক্রিয়া, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত দিক তুলে ধরা হয়।

প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪