আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত এখন ইরান নয়, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। রুশ তেল আমদানি নিয়ে গত বছর দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন তিনি।
শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন,ভারত আসছে, এবং তারা ইরানের পরিবর্তে ভেনেজুয়েলার তেল কিনবে। সুতরাং আমরা ইতোমধ্যেই সেই চুক্তি করেছি অন্তত চুক্তির ধারণাগত দিক থেকে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারত সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ ইরানি তেল আমদানি করেনি। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার তেলের দাম কমে গেলে ভারত সেখান থেকেই বড় পরিসরে জ্বালানি সংগ্রহ শুরু করে।
ট্রাম্প, যিনি গত মাসে ভেনেজুয়েলার সাবেক নেতা নিকোলাস মাদুরোকে অপসারণের পর দেশটির তেল বিক্রি ও রাজস্ব দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখার ইচ্ছার কথা বলেছেন, তিনি এর আগে রুশ তেল কেনা বন্ধ করতে ভারতের ওপর চাপ সৃষ্টি করেন।
গত আগস্টে, ইউক্রেন ইস্যুতে মস্কোকে শান্তি আলোচনায় বসতে চাপ দেওয়ার অংশ হিসেবে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেন। এর উদ্দেশ্য ছিল রুশ তেল কেনা থেকে নয়াদিল্লিকে নিরুৎসাহিত করা।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত দেন, ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হতে পারে। তাঁর ভাষায়, ভারতের রুশ তেল আমদানি ‘উল্লেখযোগ্যভাবে কমেছে’।
এর আগে মার্চ মাসে, ভেনেজুয়েলার মাদুরো প্রশাসনের সঙ্গে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল কেনা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে যার মধ্যে ভারতও ছিল।
তবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে মার্কিন কোম্পানিগুলোর জন্য দেশটির অপরিশোধিত তেল বিক্রি সহজ হয়।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, এই সিদ্ধান্তের ফলে ভেনেজুয়েলা থেকে ‘বিদ্যমান পণ্যের প্রবাহ সহজ হবে’ এবং শিগগিরই নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে আরও ঘোষণা আসবে।
শনিবার ট্রাম্পের মন্তব্যে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের উন্নতির ইঙ্গিত পাওয়া যায়। গত এক বছর ধরে দুই দেশের সম্পর্ক নানা কারণে চাপে ছিল।এ সময় ট্রাম্প আরও বলেন, চীনও চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছে ভেনেজুয়েলার তেল কিনতে পারে। আল জাজিরা
রিপোর্টার্স২৪/এসসি