রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের শেষ আইনি প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে করা তার লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ফলে এই আসনে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়ন বাতিলের সিদ্ধান্তই চূড়ান্তভাবে বহাল থাকল।
কুমিল্লা-৪ আসনে এরই মধ্যে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এসেছে। এই আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
এর আগে ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন হাসনাত আবদুল্লাহ। অভিযোগ যাচাই শেষে গত ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
ইসির ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি তার রিট আবেদন খারিজ করে দেন এবং ইসির সিদ্ধান্ত বহাল রাখেন।
এরপর সর্বশেষ আইনি আশ্রয় হিসেবে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। কিন্তু আপিল বিভাগও সেই আবেদন খারিজ করে দিলে নির্বাচনে অংশ নেওয়ার সব আইনি পথ তার জন্য বন্ধ হয়ে যায়।
আদালতের এই রায়ের মধ্য দিয়ে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন বাস্তবতা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রিপোর্টার্স২৪/ঝুম