| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৫:০০:৩২:অপরাহ্ন  |  ৩০৪ বার পঠিত
কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সন্তান হারানোর শোক, অথচ শেষবারের মতো তাকে কাছে পাওয়ারও সুযোগ নেই। প্যারোলে মুক্তির আবেদন করার ইচ্ছা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখা করাতে লাশবাহী ফ্রিজিং ভ্যান নিয়ে স্বজনদের যেতে হলো কারাগারের ফটকে। সেখানেই বন্দি অবস্থায় প্রতিবন্ধী সন্তান তূর্যকে শেষবারের মতো দেখলেন যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মি।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন শারমিন। তাঁর প্রতিবন্ধী সন্তান তূর্যের মৃত্যুর পর মাকে শেষবারের মতো দেখানোর জন্য শনিবার (২৮ নভেম্বর) লাশবাহী ফ্রিজিং ভ্যানে করে মরদেহ নিয়ে যাওয়া হয় কারাগারে। কারাগারের ভেতরে মাকে সন্তানের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ নিয়ে কারাগার থেকে বেরিয়ে যান স্বজনেরা।

পরিবারের সদস্যদের ভাষ্য, সন্তানের মৃত্যুর পর শারমিনকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করার ইচ্ছা ছিল তাঁদের। কিন্তু সাপ্তাহিক ছুটির কারণে সেই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ছেলের মরদেহ কারাগারে নিয়ে গিয়ে মাকে শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করেন তাঁরা।

শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে একটি লাশবাহী ফ্রিজিং ভ্যানে করে তূর্যের মরদেহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা কারাগারের ভেতরে প্রবেশ করে বন্দি শারমিন সুলতানাকে তাঁর সন্তানের মরদেহ দেখান। প্রায় এক ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা কারাগার থেকে বেরিয়ে আসেন।

কারাবন্দি শারমিন সুলতানা শর্মির বয়স ৪৪ বছর। তিনি ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুর স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা-পুলিশ তাঁদের বাসায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল। জন্মের পর থেকে মায়ের হাতেই তার খাওয়াদাওয়া ও দৈনন্দিন সব কাজ সম্পন্ন হতো। মায়ের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল।

শাহাদাত হোসেন নিপুন আরও বলেন, শারমিন গ্রেপ্তার হওয়ার পর তূর্য মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে। মায়ের অনুপস্থিতিতে সে ঠিকমতো খাওয়াদাওয়া ও ওষুধ সেবন করতে পারছিল না। অসুস্থ অবস্থায় মায়ের জন্য অপেক্ষা করতে করতেই শেষ পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে গেছে সে।

স্ত্রীর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বিষয়ে অভিযোগ তুলে শাহাদাত হোসেন বলেন, আটকের আগে শারমিনের নামে কোনো মামলা ছিল না। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করে পরে সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে বলে তাঁর দাবি।

তিনি বলেন, ছেলের মৃত্যুর পর স্ত্রীকে প্যারোলে মুক্ত করার চেষ্টা করতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে সন্তানের মরদেহ নিয়ে কারাগারের ফটকে এসেছেন। অন্তত একবার যেন মা তাঁর সন্তানকে শেষবারের মতো দেখতে পারেন, সেই ব্যবস্থাটুকুই চেয়েছিলেন তাঁরা।

কারাগার থেকে বেরিয়ে শারমিন সুলতানার ছোট বোন শাম্মী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, তাঁর বোন ২০২২ সাল থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত নন। এরপরও তাঁকে মিথ্যা অভিযোগের মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি।

শাম্মী বলেন, তাঁর বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। অথচ রাষ্ট্র তাঁর বোনকে জামিন দেয়নি। বোনের অনুপস্থিতিতে তাঁর সন্তান মারা গেছে। মায়ের স্নেহ ও যত্ন থেকে বঞ্চিত হয়েই শিশুটিকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমার বোনের অভাবে তার সন্তান মারা গেল। মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে আমার বোনকে, যেন সে তার সন্তানকে শেষবারের মতো দেখতে পারে।’

এ বিষয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ একটি ফ্রিজিং ভ্যানে করে কারাগারে নিয়ে আসা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন।

তিনি জানান, পরে কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী বন্দি শারমিন সুলতানাকে তাঁর সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।

একদিকে সন্তানের মৃত্যুশোক, অন্যদিকে কারাবন্দি মায়ের অসহায়ত্ব সব মিলিয়ে শারমিন পরিবারের জন্য দিনটি হয়ে উঠেছে গভীর বেদনার। জীবনের শেষ মুহূর্তে সন্তানের পাশে থাকতে না পারলেও কারাগারের ভেতরে শেষবারের মতো তার মুখ দেখার সুযোগটুকুই ছিল মায়ের কাছে শেষ বিদায়ের স্মৃতি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪