কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে ৪৭ বিজিবির সদস্যরা।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে ৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও সাত বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া রোববার ভোরে উপজেলার রামকৃষ্ণপুর নিচপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬৪ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে বিজিবি। এসব মাদকদ্রব্য ও চোরাই পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫২০ টাকা।
অন্যদিকে, একই উপজেলার প্রাগপুর ফুটবল মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১ দশমিক ৯ কেজি ভারতীয় গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
রিপোর্টার্স২৪/রাফিদ