| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সলিমপুরে আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের আহ্বান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৬ ইং | ২১:৩৫:২৬:অপরাহ্ন  |  ১০৮৬ বার পঠিত
সলিমপুরে আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের আহ্বান

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ সিলিমপুর সিডিএ আবাসিক এলাকার প্লট রক্ষা করে যোগাযোগব্যবস্থা উন্নয়নে খালপাড় ঘেঁষে নির্মাণ করা হয়েছে ১২০০ মিটার দীর্ঘ একটি বিকল্প সড়ক। সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে নিজস্ব অর্থায়নে নির্মিত ২০ মিটার প্রশস্ত সড়কটির উদ্বোধন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে সড়কটির উদ্বোধন করা হয়।

জঙ্গল সলিমপুর এলাকায় যোগাযোগব্যবস্থা উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সরকারের বিশেষ নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড চারটি প্রধান সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত একটি সংযোগ সড়কের নির্মাণকাজ এগিয়ে চলছে।

তবে প্রস্তাবিত সড়কের সম্ভাব্য গতিপথে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকার বেশ কিছু প্লট পড়ায় উদ্বেগ তৈরি হয় প্লট মালিকদের মধ্যে। তাদের দাবি, ওই এলাইনমেন্টে সড়ক নির্মাণ করা হলে আবাসিক এলাকার প্লট মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় আবাসিক এলাকার ভেতর দিয়ে সড়ক নির্মাণ না করে খালপাড় ঘেঁষে বিকল্প পথে সড়ক নির্মাণের প্রস্তাব দেন তারা।

এরই ধারাবাহিকতায় কল্যাণ সমিতির উদ্যোগে নির্মাণ করা হয় সড়কটি। উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে সেনাবাহিনীর প্রস্তাবিত সড়কের এলাইনমেন্ট আবাসিক এলাকা এড়িয়ে সদ্য নির্মিত সড়কের সঙ্গে সমন্বয় করে নির্ধারণের আহ্বান জানানো হয়।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “আমি আগেও এই এলাকা পরিদর্শন করেছি। বিকল্প সড়কের বিষয়টি কোর মিটিংয়েও প্রস্তাব করেছি।”

তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন দিক বিবেচনা করে প্রস্তাবিত সড়কের গতিপথ নির্ধারণ করেছে। প্লট মালিকদের সমিতি ও এলাকার জনগণ নিজস্ব অর্থায়নে যে বিকল্প সড়কটি নির্মাণ করেছেন, সেটির সঙ্গে সেনাবাহিনীর প্রস্তাবিত সড়কের এলাইনমেন্ট সমন্বয় করে আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

সিডিএ চেয়ারম্যান আরও বলেন, “প্লট মালিকদের আমি জানিয়েছি, তারা যেন অনতিবিলম্বে এখানে বাসস্থান নির্মাণ শুরু করেন।” তিনি বলেন, এই এলাকায় সুপেয় পানি, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগব্যবস্থাসহ কিছু সমস্যা রয়েছে। এসব সংকট নিরসনে কাজ চলছে এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা চালানো হচ্ছে।

অনুষ্ঠানে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ সলিমুল্লাহ, উপদেষ্টা এরাদত উল্যাহ এফসিএ, লে. কর্ণেল এ.বি.এম জয়নূর রশিদ ও এনায়েত উল্যাহ হাজারী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী, দপ্তর সম্পাদক আবুল বশর, নির্বাহী সদস্য সাহাব উদ্দীন, নাসির সওদাগর ও কোরবান আলীসহ প্লট মালিক ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪