| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতার প্রশংসায় ওসির রাজনৈতিক বক্তব্য, ফেসবুকে সমালোচনা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ২২:৪৭:১০:অপরাহ্ন  |  ৫৫৬৪ বার পঠিত
বিএনপি নেতার প্রশংসায় ওসির রাজনৈতিক বক্তব্য, ফেসবুকে সমালোচনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের দেওয়া একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৩ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে স্থানীয় এক বিএনপি নেতার রাজনৈতিক অবস্থানের প্রশংসা করতে শোনা যায়। এ নিয়ে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন অনেকে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে ওসি মাহবুব আলমকে বলতে শোনা যায়, “মঞ্চে উপস্থিত আছেন স্বৈরাচারী সন্ত্রাসী এমপির বিরুদ্ধে কথা বলার ক্ষমতা যখন কারো ছিল না, তখন রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে যে এই ফতুল্লার মাটি ও মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই সংগ্রামী নেতা। এবং অচিরেই ঘোষণা আসবে, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং-এর সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটু।”

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার ফতুল্লার পাগলা বাজার এলাকার যানজট নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। একই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানার ওসি মাহবুব আলম।

অনুষ্ঠানে উপস্থিত অন্যদের মধ্যে প্রায় সবাই স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতিতে সক্রিয় নেতা ছিলেন। ওই অনুষ্ঠানে একজন রাজনৈতিক নেতাকে সম্বোধন করতে গিয়ে ওসির দেওয়া বক্তব্যকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করছেন অনেকে।

সমালোচকদের মতে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রজাতন্ত্রের কর্মচারী। তার ভূমিকা নিরপেক্ষ হওয়াটাই চাকরিবিধি অনুযায়ী সঠিক। কিন্তু একজন রাজনৈতিক নেতাকে ‘সংগ্রামী নেতা’ হিসেবে সম্বোধন করা তার পক্ষপাতের বিষয়টিকে সামনে আনে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষ ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে।

অনেকে ওসির এমন বক্তব্যকে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রশাসনের লোকজনের দলীয় নেতা বা কর্মীর মতো আচরণের সঙ্গেও তুলনা করছেন।

তবে এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সরকারি মুঠোফোন নম্বরে কল করা হলে অপর একজন তা রিসিভ করে বলেন, “ওসি স্যার তো ছুটিতে আছেন। তাকে সোমবারে পাওয়া যাবে।”

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪