রিপোর্টার্স২৪ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এক স্কুলশিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরেন তিনি।
মাহদী আমিন তার পোস্টে জানান, কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে শ্রেণিকক্ষে এক স্কুলশিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ হলে পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে ওই শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন বলে জানান মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর পুলিশ ওই শিক্ষককে নিরাপদে তার বাসায় পৌঁছে দেয় বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
মাহদী আমিন বলেন, মানুষের মধ্যে মতের ভিন্নতা থাকতেই পারে। প্রত্যেক ব্যক্তির দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত।
তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে বলেন, ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মানই গণতন্ত্রের শক্তি।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান এবং সহাবস্থানের সংস্কৃতি সমাজকে আরও শক্তিশালী করবে।
কুষ্টিয়ার দৌলতপুরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উত্তেজনা ও বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর এই অবস্থানের কথা তুলে ধরে তিনি মতপ্রকাশের অধিকার ও পারস্পরিক সম্মানের গুরুত্বের ওপর জোর দেন।
রিপোর্টার্স২৪/ঝুম