রিপোর্টার্স২৪ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণসহ সার্বিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১১ আগস্ট)।
জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিবসহ রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেবেন।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি, ভোটগ্রহণের সার্বিক ব্যবস্থাপনা এবং নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির শেষ পর্যায়ে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় জোরদার করতেই এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদকক্ষে ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।
এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করেনি।
ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। প্রার্থীসংখ্যা এবং শেষ পর্যন্ত ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে, তা নিয়েও নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
রিপোর্টার্স২৪/ঝুম