রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন গ্রাহককে গুনতে হবে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বাজুস। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এ দাম মঙ্গলবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে অলঙ্কারের ডিজাইন ও ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
এ ছাড়া স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না বলে জানিয়েছে বাজুস। পাশাপাশি নির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বনির্ধারিত নিয়মই বহাল থাকবে।
এর আগে সর্বশেষ গত ৮ আগস্ট সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
সেদিন নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা। ওই দামও ৮ আগস্ট সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।
বাজুসের সর্বশেষ এই সমন্বয়ের মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১০১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫০ দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে, ৫০ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছরে ৬৪ বার স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
রিপোর্টার্স২৪/ঝুম