রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সৃষ্টিকর্তার পর মানুষ যেন বিচার বিভাগের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে পারে, সে ধরনের একটি বিচারব্যবস্থা গড়ে তুলতে হবে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ এমন হতে হবে, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করতে পারে। এজন্য বিচারকদের মধ্যে মানবিক মূল্যবোধ, ন্যায়নিষ্ঠা ও পেশাগত সততার চর্চা জরুরি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "তিনি দেশে ফিরুক, আমি এটা বিশ্বাস করতে চাই। দেশে ফিরে আইনের পথ ধরে হাঁটুক।"
অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/রাফিদ