| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিলের সমর্থক, তবু রোনালদোকে নিয়েই উদ্বেগ ঊষসীর

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ১৩:১৫:২৮:অপরাহ্ন  |  ১৬৮২ বার পঠিত
ব্রাজিলের সমর্থক, তবু রোনালদোকে নিয়েই উদ্বেগ ঊষসীর

বিনোদন ডেস্ক: বিশ্বকাপ ফুটবল মানেই আবেগ, উত্তেজনা আর উৎসবের রঙে রাঙানো এক বৈশ্বিক আয়োজন। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো এই উন্মাদনায় মেতেছেন শোবিজ তারকারাও। প্রিয় দলের জার্সি গায়ে রাত জেগে খেলা দেখা থেকে শুরু করে প্রিয় ফুটবলারদের নিয়ে আলোচনা সবকিছুতেই রয়েছে তাদের সরব উপস্থিতি।

এবারের বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী ঊষসী রায়। ব্রাজিলের সমর্থক হলেও এবারের আসরে তার বাড়তি আগ্রহ ঘিরে রয়েছে পর্তুগিজ মহাতারকা Cristiano Ronaldoকে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ঊষসী বলেন, আমার কাছে ফুটবল বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি একেবারে উৎসবের মতো। আমাদের পরিবারে ফুটবল নিয়ে উন্মাদনা বরাবরই একটু বেশি।

বিশ্বকাপের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, ২০০২ সালের বিশ্বকাপ তাদের পরিবারের জন্য ছিল বিশেষ একটি উপলক্ষ। শুধু বিশ্বকাপ উপভোগ করার জন্যই সে সময় তাদের বাড়িতে প্রথম বড় রঙিন টেলিভিশন আনা হয়েছিল।

ঊষসীর ভাষায়, বিশ্বকাপ মিস করা যাবে না, আর সেটি অবশ্যই রঙিন টিভিতে দেখতে হবে এমনই ছিল আমাদের পরিবারের ভাবনা। এর আগে আমাদের সাদা-কালো টিভি ছিল। পরে বিশ্বকাপ উপলক্ষে নতুন কালার টিভি ও কেবল সংযোগ নেওয়া হয়েছিল। সেই স্মৃতি আজও ভোলার নয়।

বর্তমানে বড় পর্দায় বিশ্বকাপ উপভোগ করছেন জানিয়ে অভিনেত্রী বলেন, মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ এখনও হয়নি। তবে একদিন অবশ্যই সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখব এটাই আমার স্বপ্ন।

ব্রাজিলের সমর্থক হলেও এবারের আসরে তার বাড়তি নজর পর্তুগালের দিকে। কারণ হিসেবে তিনি বলেন, আমি বরাবরই ব্রাজিলকে সমর্থন করি। কিন্তু এবার সব উত্তেজনা ও উন্মাদনা রোনালদোকে ঘিরে। এটা তার শেষ বিশ্বকাপ। তাই পর্তুগাল কী করে, সেটি নিয়েই একটু বেশি চিন্তিত।

বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করে ঊষসী বলেন, চ্যাম্পিয়ন কে হবে, সেটা এখনই বলতে চাই না। কিছু অনুভূতি মনে মনে থাকুক।

রাত জেগে খেলা দেখা নিয়ে পরিবারে কোনো সমস্যা হয় না বলেও জানান তিনি। তার ভাষায়, আমাদের পরিবারে ফুটবল নিয়ে আলাদা একটা আবেগ আছে। তাই রাত জেগে খেলা দেখা নিয়ে কখনও কোনো ঝামেলা হয়নি।

বিশ্বকাপ আয়োজন, টিকিটের মূল্য এবং দর্শক অভিজ্ঞতা নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, এবারের বিশ্বকাপের টিকিটের দাম তুলনামূলকভাবে অনেক বেশি বলে মনে হয়েছে। শুধু টিকিটই নয়, স্টেডিয়ামের ভেতরে খাবার ও পানীয়ের মূল্যও বেশ চড়া।

তবে সবকিছুর পরও বিশ্বকাপকে ঘিরে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে ঊষসী বলেন, “যতদিন বিশ্বকাপ চলবে, ততদিন আনন্দ-উৎসবও চলবে। আমি ভীষণ এক্সাইটেড।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪