স্টাফ রিপোর্টার: শিক্ষায় পিছিয়ে থাকার কারণেই বাংলাদেশ বিশ্ব প্রতিযোগিতায় আশানুরূপ এগিয়ে যেতে পারছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।
বুধবার (১০ জুন) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি-র ‘গ্রাজুয়েশন নাইট ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা প্রশ্রয় দিচ্ছে না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। সবাইকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চেষ্টা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
এসময় জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব