| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি নির্বাচন আজ, ১৫ পরিচালক পদের জন্য লড়বেন প্রার্থীরা

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ০৫:৫২:১৬:পূর্বাহ্ন  |  ২৬৭ বার পঠিত
বিসিবি নির্বাচন আজ, ১৫ পরিচালক পদের জন্য লড়বেন প্রার্থীরা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করা হবে। একই দিনে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনও সম্পন্ন হবে।

বিসিবির মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টি ইতোমধ্যে নির্ধারিত হয়ে গেছে। এর মধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং আরও ২ জন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত হবেন। ফলে আজকের নির্বাচনে ১৫টি পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন, ক্যাটাগরি–২ (ঢাকার ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি–৩ (সাবেক ক্রিকেটার, অধিনায়ক ও সার্ভিসেস) থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন।

এবার ক্যাটাগরি–৩ থেকে একমাত্র প্রার্থী থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও সাবেক বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি–১ থেকে ১০ জনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন। সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন এবং ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

খুলনা ও বরিশাল বিভাগে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। খুলনার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। বরিশালের একটি আসনে লড়ছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।

এদিকে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে মনোনয়ন প্রত্যাহারের পরও প্রতিদ্বন্দ্বিতা বজায় রয়েছে। ১২টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীরজা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব), অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব) ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।

আজকের নির্বাচনের ফলাফলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করবে দেশের ক্রিকেট প্রশাসনের আগামী পথচলা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪