| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফায়ার সেফটি প্ল্যান ছাড়াই চলছে আদ-দ্বীন হাসপাতাল!

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ১২:৫৩:২৪:অপরাহ্ন  |  ৩০৪৮৬ বার পঠিত
ফায়ার সেফটি প্ল্যান ছাড়াই চলছে আদ-দ্বীন হাসপাতাল!

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে বৈধ অগ্নি নিরাপত্তা লাইসেন্স না থাকা এবং বাধ্যতামূলক ফায়ার সেফটি প্ল্যান জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, ২০২৩ সালের পর থেকে হাসপাতালটি তাদের অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন করেনি। একই সঙ্গে আইন অনুযায়ী বাধ্যতামূলক ফায়ার সেফটি প্ল্যানও এখনো জমা দেওয়া হয়নি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান সিকদার গণমাধ্যমকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।

তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারিতে হাসপাতাল কর্তৃপক্ষকে তিন মাসের মধ্যে ফায়ার সেফটি প্ল্যান জমা দিয়ে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা পার হলেও তা বাস্তবায়ন হয়নি।

ফায়ার সার্ভিসের নোটিশে উল্লেখ করা হয়, ফায়ার প্রিভেনশন অ্যান্ড এক্সটিংগুইশিং অ্যাক্ট, ২০০৩ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী হাসপাতাল পরিচালনার আগে অগ্নি নিরাপত্তা পরিকল্পনার অনুমোদন ও বাস্তবায়ন বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অনুসরণ করেনি বলে অভিযোগ রয়েছে।

তবে আদ-দ্বীন ফাউন্ডেশনের হিউম্যান রিসোর্স ও কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল দাবি করেছেন, হাসপাতালের সব নথি হালনাগাদ রয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটিকে ঘিরে তদন্ত কার্যক্রম আরও জোরদার করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়। পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রমনা থানায় দায়ের হওয়া মামলার তদন্তও চলছে।

এর আগে গত সপ্তাহে নবজাতকদের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির ব্যবস্থাপনা, চিকিৎসা সেবা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর থেকেই প্রতিষ্ঠানটির কার্যক্রম ঘিরে জনমনে উদ্বেগ বাড়ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪