জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে র্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে কালোবাজারি সাজেলের গোড়াউনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
জানা যায়, সরকারি প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করে রাখার গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যাব-১৪ ও মাদারগঞ্জ উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালায় ।
এসময় সাজেল মিয়ার গুদাম থেকে ৪৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত কালোবাজারি সাজেল কৌশলে সটকে পড়ে।
মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে সরকারি চাল অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করা হয়েছে। জনস্বার্থে র্যাব ও প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪৬ বস্তা চাল জব্দ করে। পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের করা হয়েছে । সরকারি সম্পদ আত্মসাৎ বা কালোবাজারি রোধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত চাল বর্তমানে সরকারি হেফাজতে রাখা হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু