রাজবাড়ী প্রতিনিধি: নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় সুফলভোগীদের মাঝে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ৮টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।
প্রকল্পের আওতায় ১০০ জন উপকারভোগীর প্রত্যেককে ২৫টি করে উন্নত জাতের মুরগি এবং ৫৪ জন উপকারভোগীর প্রত্যেককে ২টি করে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন বলেন, “প্রকল্পের আওতায় রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের ১৫টি চর এলাকার ১০০ জন উপকারভোগীর মাঝে উন্নত জাতের মুরগি এবং ৫৪ জনের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, ছাগল পালনকারী প্রত্যেক উপকারভোগীকে ৪ ধাপে মোট ১১২ কেজি খাবার এবং মুরগি পালনকারী প্রত্যেককে ৩ ধাপে মোট ৭৫ কেজি খাবার সরবরাহ করা হবে।
এছাড়া উপকারভোগীদের ছাগল ও মুরগি পালন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ছাগলের ঘর নির্মাণ বাবদ প্রত্যেককে ১১ হাজার টাকা এবং মুরগির ঘর নির্মাণ বাবদ প্রত্যেককে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৮ হাজার ৮০০ টাকা করে প্রদান করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন