রিপোর্টার্স২৪ ডেস্ক: নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এ সম্মাননা প্রদান করা হবে।
গত ৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটকে চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। চিঠিতে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে দুই পরিবারের পক্ষ হয়ে সম্মাননা গ্রহণের অনুরোধ জানানো হয়।
পরবর্তীতে মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণ করবেন বলে জানা গেছে।
এদিকে আগামীকাল (৬ মে) দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ মে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে। মরদেহটি দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছিলেন।
গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। পরে পরিবারের যোগাযোগ করতে না পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তদন্তে তাদের রুমমেট হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
পরে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনার ব্যাগ থেকে জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।
এ ঘটনায় অভিযুক্ত আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের দুটি অভিযোগ আনা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম