| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলতি বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ১৩:৫৪:২৯:অপরাহ্ন  |  ৪৬৫৬১ বার পঠিত
চলতি বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, নির্বাচন সম্পন্ন করতে সময় লাগতে পারে ১০ মাস থেকে এক বছর।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকারমন্ত্রীর বরাতে জানা গেছে, খুব দ্রুতই নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কাজ শুরু হবে। স্থানীয় সরকারের সব নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হওয়ায় পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, “ইউনিয়ন পরিষদ অনেক, এসব নির্বাচন পর্যায়ক্রমে হয়। ফলে পুরো নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।”

স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, এ সরকার নির্বাচন দেবে কি না—এটি একটি সাধারণ প্রশ্ন হলেও এ বিষয়ে কাজ চলমান রয়েছে।

নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে তিনি জানান, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে চলতি বছরের শেষ দিকে নির্বাচন শুরু করা হবে। একই সঙ্গে উপজেলা পরিষদ বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও স্পষ্ট করেন তিনি।

সাংবাদিকদের বিষয়ে কথা বলতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কারাগারে থাকা কিছু সাংবাদিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, যা কোনো কোনো ক্ষেত্রে গণহত্যার চেয়েও বেশি বলে উল্লেখ করেন তিনি। তবে বর্তমান সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

এছাড়া হামের টিকাদান কর্মসূচি নিয়ে তিনি জানান, এখন পর্যন্ত প্রায় এক কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। অল্প সময়ের মধ্যেই শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, “একজন শিশুর মৃত্যুও কাম্য নয়। তবে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০০ শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।” ভবিষ্যতে হামের টিকা নিয়ে কোনো সংকট হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪