| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে শুরু হলো পরীক্ষামূলক অনলাইন ক্লাস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১১:৫০:৩২:পূর্বাহ্ন  |  ২৪৪৯৪৪ বার পঠিত
রাজধানীতে শুরু হলো পরীক্ষামূলক অনলাইন ক্লাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলা ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসারে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এ ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে এই পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস এবং রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়া হবে।

এ বিষয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গত ৯ এপ্রিল এক সভায় জানান, শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রতি আগ্রহী করে তোলাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রথম দিনের অনলাইন ক্লাসে দেখা যায়, শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে শ্রেণিকক্ষ থেকেই ভার্চুয়ালভাবে পাঠদান পরিচালনা করছেন। অন্যদিকে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাসে অংশ নিচ্ছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে কলেজ শাখায় এই কার্যক্রম চালু করা হলেও দ্রুত সময়ের মধ্যে স্কুল শাখায়ও তা সম্প্রসারণ করা হবে।

উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিস সময়সূচিতে পরিবর্তনের পর শিক্ষা খাতেও একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ বিষয়ে অংশীজনদের মতামত নিতে গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে এই কার্যক্রম শুরু হলো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪