| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শোভাযাত্রার নাম নিয়ে বিতর্ক অপ্রয়োজনীয়: সংস্কৃতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ২৩:২৬:২১:অপরাহ্ন  |  ৩৮৪১২৮ বার পঠিত
শোভাযাত্রার নাম নিয়ে বিতর্ক অপ্রয়োজনীয়: সংস্কৃতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: পহেলা বৈশাখের শোভাযাত্রার নামে ‘মঙ্গল’ নাকি ‘আনন্দ’ হবে, এই বিতর্ক অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, এমন বিতর্ক জাতিকে বিভক্ত করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, পহেলা বৈশাখের শোভাযাত্রা দেশের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহ্য। তবে এর মূল শক্তি নাম নয়, বরং এর চেতনা, অংশগ্রহণ এবং সাংস্কৃতিক প্রকাশ।

তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রা নামে দীর্ঘদিন ধরে আয়োজন হয়ে আসছে, এ নিয়ে সরকারের কোনো আপত্তি নেই। আবার আনন্দ শোভাযাত্রা নাম নিয়েও আলাদা কোনো বিরোধ থাকার কথা নয়। মূল বিষয় হচ্ছে উৎসবের চেতনাকে ধারণ করা।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক চর্চা সবকিছু মিলিয়েই বাংলাদেশের সংস্কৃতি গড়ে উঠেছে। তাই এসব ঐতিহ্যকে সমন্বিতভাবে তুলে ধরা জরুরি।

তিনি অভিযোগ করেন, গত বছর শোভাযাত্রার নাম পরিবর্তন ঘিরে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করা হয়েছিল। বাস্তবে নাম ভিন্ন হলেও আয়োজনের ধরন বা সাংস্কৃতিক উপস্থাপনায় তেমন কোনো পার্থক্য ছিল না।

মন্ত্রী জানান, আসন্ন পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে।

তিনি বলেন, সরকার প্রগতিশীল ও জীবনমুখী সংস্কৃতি বিকাশে কাজ করছে। বাউল গান, লোকসংগীত, যাত্রা ও নাটকের মতো ঐতিহ্যবাহী ধারাকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্কৃতিমন্ত্রী বলেন, আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য চাই। সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে একটি আনন্দমুখর পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪