রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের স্কুল পর্যায়ে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে সরকার।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বিষয়টি নিয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ক্লাস চালুর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।
শিক্ষাব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতার দিক তুলে ধরে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো পাবলিক পরীক্ষাগুলো পরবর্তী বছরের এপ্রিল ও জুন মাসে নিয়ে থাকে। এতে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি ইঙ্গিত দেন, শিক্ষা ব্যবস্থায় সময় ব্যবস্থাপনা ও কার্যকারিতা বাড়াতে সরকার ভবিষ্যতে এ বিষয়গুলোতেও সংস্কার আনার পরিকল্পনা করছে।
রিপোর্টার্স২৪/আরকে