স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আখতার মোরশেদ আদালতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। পরে ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে দাবি করা হয়েছে, ওই বৈঠকে অংশগ্রহণকারীরা দেশকে অস্থিতিশীল করা এবং অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেন ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এ ঘটনায় মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ওই বৈঠকে ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতনামা ব্যক্তি উপস্থিত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে শওকত মাহমুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারমূলক সভা আয়োজনের অভিযোগ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি